চাঁদপুরের মতলব উত্তরের সুলতানাবাদ ইউনিয়নের শিবপুরে রাস্তার পাশ থেকে রবীন্দ্র সরকার (৪৫) নামের এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রবীন্দ্র শিবপুর গ্রামের হরিপদ সরকারের ছেলে।
মঙ্গলবার (৩০ জুন) ভোর ৫টার দিকে শিবপুর গ্রামের নিজ বাড়ির সামনে মেঘনা ধনাগোদা বেড়িবাঁধ সংলগ্ন রাস্তার নিচে স্থানীয়রা তার লাশ দেখতে পান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় তিনি নিহত হয়েছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার (২৯ জুন) রাতে রবীন্দ্র সরকার বাড়ি থেকে দোকানের উদ্দেশ্যে বের হয়েছিলেন। ধারণা করা হচ্ছে, রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় তিনি রাস্তা থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
মঙ্গলবার সকালে রতন বাবু নামের এক ব্যক্তি ওই পথ দিয়ে যাওয়ার সময় রক্তাক্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন। পরে খবর পেয়ে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে ভাঙা গাড়ির গ্লাসের কিছু অংশও উদ্ধার করা হয়েছে, যা দুর্ঘটনার আলামত হিসেবে জব্দ করা হয়েছে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। নিহতের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে, বিষয়টি নিয়ে প্রয়োজনীয় তদন্ত অব্যাহত রয়েছে এবং সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হবে।
রিপোর্টারের নাম 












