লক্ষ্মীপুরের রামগঞ্জে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির চাঞ্চল্যকর স্কুলছাত্র মেহেদী হাসান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আবু দারদা মো. জোবায়েরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জোবায়ের নোয়াখালীর চাটখিল উপজেলার বালিয়াধর গ্রামের বাসিন্দা এবং ওই একাডেমির দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
মামলা সূত্রে জানা গেছে, গত ১৫ জুন আইফোন চুরির অপবাদ দিয়ে অষ্টম শ্রেণির ছাত্র মেহেদী হাসানকে হোস্টেলে পিটিয়ে হত্যা করা হয়। পরে ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে অভিযুক্তরা। এ ঘটনায় নিহতের বাবা ১৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এর আগে ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ আরও দুইজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধূরী জানান, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ নিরলস কাজ করছে। পলাতক অন্যান্য আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত জোবায়েরকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।
রিপোর্টারের নাম 

























