গাজীপুর মহানগর যুবলীগের ব্যানারে আয়োজিত একটি বিক্ষোভ মিছিল থেকে কর্তব্যরত পুলিশ সদস্যদের উদ্দেশে ‘মাইরা ফালামু’ বলে হুমকি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে।
রোববার সকালে গাজীপুর মহানগরীর বাসন থানাধীন কলম্বিয়া গার্মেন্টস ও শাকিল এন্টারপ্রাইজ এলাকার সামনে থেকে ২০-৩০ জনের একটি দল ব্যানার হাতে মিছিল বের করে। ব্যানারে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং ‘বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার’ করার দাবি জানানো হয়। ব্যানারের নিচে ‘গাজীপুর মহানগর যুবলীগ’ লেখা ছিল এবং এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান রাসেল সরকারের ছবিও ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিছিল চলাকালে কয়েকজন পুলিশ সদস্য এগিয়ে এলে মিছিলে অংশ নেওয়া কয়েকজন তাঁদের উদ্দেশে উচ্চস্বরে হুমকিমূলক বক্তব্য দেন। ভিডিওতে তাঁদের বলতে শোনা যায়, ‘ওই, একটাও সামনে আসবি না। মাইরা ফালামু, মাইরা ফালামু।’ এছাড়া মিছিলকারীরা ‘রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার ভয় নাই’ এবং ‘যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’-এর মতো স্লোগানও দেয়।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানিয়েছেন, ভাইরাল হওয়া ভিডিওটি পুলিশ দেখেছে এবং এটি আজকের ঘটনার কিনা তা যাচাই-বাছাই করা হচ্ছে। গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার জানান, সকালে একটি মিছিল হওয়ার তথ্য তারা পেয়েছেন এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে পুলিশ কাজ করছে।
রিপোর্টারের নাম 



















