কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহাবুবুল আলম সালেহী সরকারের তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সমালোচনা করে বলেছেন, এই প্রকল্পের নামে সরকার ড্রেজিংয়ের কথা বলে তিস্তাপাড়ের মানুষের সাথে প্রহসন করছে। এটি সরকারের লোক দেখানো ছাড়া আর কিছুই নয়। তিনি অভিযোগ করেন, আন্দোলন তিস্তা নদীর জন্য হলেও এর বাজেট অন্য খাতে চলে যাচ্ছে।
শনিবার (২০ জুন) লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভুল্ল্যারহাট তিস্তা নদীর পাড়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটির আয়োজিত এক মানববন্ধনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাংসদ সালেহী এসব কথা বলেন। তিনি আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনার কৃতিত্ব সরকার নিজেই নিক, কিন্তু প্রধানমন্ত্রী নির্বাচনের আগে এই প্রকল্পের যে ঘোষণা দিয়েছিলেন, তা দ্রুত বাস্তবায়ন করা হোক। এত বড় বাজেটেও এই মহাপরিকল্পনার কোনো সুনির্দিষ্ট রূপরেখা নেই। তিনি সরকারের কাছে শিক্ষা মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয়ে অব্যবহৃত অর্থ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ব্যবহারের অনুরোধ জানান এবং তিস্তাপাড়ের মানুষকে দেওয়া প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানান।
মানববন্ধনে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, যিনি তিস্তা বাঁচাও আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, তিনি আজ সরকারের প্রভাবশালী মন্ত্রী। অথচ এই মহাপরিকল্পনা বাস্তবায়নে বাজেটে কোনো অর্থ বরাদ্দ রাখা হয়নি। তিনি প্রশ্ন তোলেন, তাহলে কি তারা ভোটের জন্য আন্দোলন করেছিলেন? সাংসদ আনোয়ারুল ইসলাম দাবি করেন, প্রতিশ্রুতি পূরণ করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। তিনি অভিযোগ করেন, বিশাল বাজেট থেকে রংপুরবাসী বৈষম্যের শিকার হচ্ছে। এই দাবি মানা না হলে রংপুরবাসী ঢাকা ঘেরাও কর্মসূচি পালন করবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
নদীর তীরে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ মানববন্ধন করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানায়। জেলা জামায়াতের সেক্রেটারি এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু’র সভাপতিত্বে মানববন্ধনে জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আবু তাহের, জামায়াতের ঢাকা মহানগর মজলিসের সুরা সদস্য আনোয়ারুল ইসলাম রাজুসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।
রিপোর্টারের নাম 





















