নবনিযুক্ত বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান বাণিজ্য মন্ত্রণালয়ে যোগদান করেছেন। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত এক পরিচয়পর্বে মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাণিজ্যমন্ত্রী আশা প্রকাশ করেন যে, নবনিযুক্ত সচিবের শক্তিশালী একাডেমিক ও পেশাগত অভিজ্ঞতা, বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয়ে তাঁর পূর্বের কাজের অভিজ্ঞতা, মন্ত্রণালয়ের কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে। তিনি উল্লেখ করেন যে, দক্ষ নেতৃত্ব, সমন্বিত টিমওয়ার্ক এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয় আগামী দিনে আরও কার্যকর ও ফলপ্রসূ ভূমিকা পালন করবে।
মন্ত্রী জানান, বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের একাধিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা চলছে। এই গুরুত্বপূর্ণ আলোচনায় আরও দক্ষতার সঙ্গে অংশগ্রহণের জন্য এফটিএ টিমকে সম্প্রসারণ ও শক্তিশালী করা হবে এবং নতুন দক্ষ জনবল ও বিশেষায়িত দক্ষতা সংযোজন করা হবে। ভবিষ্যতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আনুষ্ঠানিক আলোচনা শুরু হলে একটি বড় ও দক্ষ টিম গঠনের প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, এ লক্ষ্যে প্রয়োজনীয় সক্ষমতা বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা নেওয়া হবে। বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) এবং ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন সহযোগী সংস্থাও এ বিষয়ে বাংলাদেশকে সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে।
মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বাণিজ্যমন্ত্রী বলেন, সবার প্রতি ন্যায়সংগত আচরণ নিশ্চিত করতে হবে, যাতে মেধাবী ও যোগ্য কর্মকর্তারা তাঁদের দক্ষতা ও সম্ভাবনা পূর্ণভাবে কাজে লাগানোর সুযোগ পান। কোনো ধরনের অপ্রয়োজনীয় প্রতিবন্ধকতা সৃষ্টি না করে যোগ্য ব্যক্তিদের উৎসাহিত করার ওপর তিনি জোর দেন। তিনি বাণিজ্য সচিবের উদ্দেশে বলেন, তাঁর একাডেমিক ও কর্মজীবনের অভিজ্ঞতা তাঁকে দক্ষতার সঙ্গে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা দিয়েছে এবং তাঁর নেতৃত্বে বাণিজ্য মন্ত্রণালয় আগামী দিনে আরও গতিশীল, দক্ষ এবং ফলাফলমুখী প্রতিষ্ঠানে পরিণত হবে।
রিপোর্টারের নাম 



















