দেশের ব্যাংকিং খাতের একজন অভিজ্ঞ ও দূরদর্শী ব্যক্তিত্ব রিয়াদ মাহমুদ চৌধুরী স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগদান করেছেন। এর পূর্বে তিনি ইস্টার্ন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং হেড অফ কর্পোরেট ব্যাংকিং হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
জনাব চৌধুরী ২০০০ সালে আইএফআইসি ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে তার কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি এবি ব্যাংক এবং ২০০৪ সালে ইস্টার্ন ব্যাংকে যোগদান করেন। ব্যাংকিং খাতে ২৬ বছরেরও বেশি সময় ধরে কাজ করার অভিজ্ঞতা নিয়ে তিনি কর্পোরেট পোর্টফোলিও ব্যবস্থাপনা, নন-পারফর্মিং লোন (NPL) ব্যবস্থাপনা, বিশেষায়িত ইসলামী ব্যাংকিং কাঠামো গঠন এবং ডিজিটাল ট্রেড সলিউশন প্রণয়নে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তার কৌশলগত দৃষ্টিভঙ্গি, নেতৃত্বগুণ, ব্যাংক ব্যবস্থাপনায় গভীর জ্ঞান এবং উদ্ভাবনী চিন্তাধারা তাকে কর্মজীবনে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে।
শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে বি.কম ও এম.কম এবং পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয়ের আইবিএ (IBA) থেকে ফিন্যান্সে এমবিএ সম্পন্ন করেন। তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মুডিস (Moody’s) ও ওমেগা কর্পোরেশন থেকে কমার্শিয়াল ক্রেডিট অ্যানালাইসিসে সনদপ্রাপ্ত। কর্মক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তিনি ইবিএল-সিইও ও চেয়ারম্যান পুরস্কারসহ একাধিক স্বীকৃতি অর্জন করেছেন। ব্যাংক কর্তৃপক্ষ দৃঢ়ভাবে আশাবাদী যে, জনাব চৌধুরীর বলিষ্ঠ নেতৃত্ব ও আধুনিক ব্যাংকিং নীতি বাস্তবায়নের মাধ্যমে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক নতুন উচ্চতায় পৌঁছাবে এবং শীর্ষস্থানীয় শরীআহ-ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে।
রিপোর্টারের নাম 

























