জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আরও এক যুবক রাশিয়ায় গিয়ে ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও বার্তাকে কেন্দ্র করে তার ড্রোন হামলায় নিহত হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়েছে, তবে এই তথ্যের সত্যতা এখনো নিশ্চিত করা যায়নি। নিখোঁজ যুবকের নাম আরিফ হোসেন (২৭), তিনি উপজেলার রায়েরছড়া গ্রামের তারা মিয়ার ছেলে।
পারিবারিক সূত্র জানায়, গত ৭ মে আরিফ স্থানীয় এক দালালের মাধ্যমে রাশিয়ায় যান। ইলেকট্রিশিয়ানের কাজ দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও, রাশিয়ায় পৌঁছানোর পর প্রতারণার শিকার হয়ে তাকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে বলে তিনি পরিবারের সদস্যদের জানিয়েছিলেন। স্বজনদের অভিযোগ, দালাল চক্র তাকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে। ২৯ মে আরিফের সঙ্গে পরিবারের শেষ কথা হয়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও বার্তার মাধ্যমে তারা জানতে পারেন যে, ড্রোন হামলায় আরিফ নিহত হয়েছেন।
আরিফের বাবা তারা মিয়া জানান, ইলেকট্রিশিয়ানের কাজ করানোর কথা বলে আরিফকে রাশিয়ায় নিয়ে যাওয়া হয়। স্থানীয় দালাল আমিনুর ইসলাম সুজার মাধ্যমে ১৬ লাখ টাকা দিয়ে তাকে পাঠানো হয়েছিল। এর আগেও একই এলাকার মাফুল নামে আরেক যুবক চাঁদপুরের এক দালালের মাধ্যমে রাশিয়ায় গিয়েছিলেন। তাকে রাজমিস্ত্রীর কাজ দেওয়ার কথা থাকলেও, সেখানে পৌঁছানোর পর প্রতারণার মাধ্যমে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয় এবং তিনিও বর্তমানে নিখোঁজ রয়েছেন।
মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছেন। তিনি উল্লেখ করেন যে, দূতাবাসের মাধ্যমে না গিয়ে স্থানীয় দালাল চক্রের মাধ্যমে বিদেশে যাওয়া মোটেও উচিত হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে। তবে ভুক্তভোগী পরিবার লিখিত আবেদন করলে প্রয়োজনীয় পরামর্শ ও যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি।
রিপোর্টারের নাম 






















