নিখোঁজ হওয়ার তিন দিন পর বরিশালে নাজমুল নামে এক অটোরিকশা চালকের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ জুন) দুপুর ৩টার দিকে বরিশাল নগরীর কালিজিয়া নদীর পাড় থেকে বস্তাবন্দী অবস্থায় ওই যুবকের লাশটি উদ্ধার করা হয়। নিহতের পরিবার এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৩ জুন থেকে অটোরিকশা চালক নাজমুল রহস্যজনকভাবে নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করার পাশাপাশি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। তিন দিন পর বস্তাবন্দী অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। পরিবারের ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন-উল ইসলাম জানান, গত ১৩ জুন সকাল ৯টার দিকে বিমানবন্দর থানাধীন রায়পাশা কড়াপুর ইউনিয়নের মাকরকাঠি এলাকা থেকে আব্দুর রশিদ মোল্লার ছেলে নাজমুল হোসেন (২২) নিখোঁজ হন। তার পরিবার বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করে। মঙ্গলবার দুপুরে ৯৯৯ নম্বরে একটি ফোন পেয়ে তারা জানতে পারেন নদীর পাড়ে একটি বস্তাবন্দী লাশ পড়ে আছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে পূর্ব শত্রুতার জের ধরে এই পরিকল্পিত হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
রিপোর্টারের নাম 






















