আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ১৮৬ কোটি ৬০ লাখ টাকার রাজস্ব বাজেট পেয়েছে। দেশের ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) মোট ১২ হাজার ৩০০ কোটি ৪ লাখ টাকার বাজেটের অংশ হিসেবে এই বরাদ্দ নির্ধারণ করা হয়েছে।
গত বৃহস্পতিবার (১১ জুন) ইউজিসিতে অনুষ্ঠিত ১৮৭তম পূর্ণ কমিশন সভায় এই বাজেট অনুমোদন করা হয়। অনুমোদিত বাজেট অনুযায়ী, ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য মোট ১২ হাজার ১ কোটি ৮২ লাখ টাকা এবং ইউজিসির জন্য ২৯৮ কোটি ৫৮ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
ইউজিসি সূত্রে জানা গেছে, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মোট বাজেটের মধ্যে ৭ হাজার ৪২৮ কোটি ৪৩ লাখ টাকা রাজস্ব (পরিচালন) ব্যয় এবং ৪ হাজার ৫৭৩ কোটি ৩৯ লাখ টাকা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য বরাদ্দ করা হয়েছে।
রাজস্ব বাজেটের তালিকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১৮৬ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ পেয়েছে, যা দেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমপর্যায়ে রয়েছে। একই তালিকায় ইসলামী বিশ্ববিদ্যালয় পেয়েছে ১৮৮ কোটি ৪০ লাখ টাকা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পেয়েছে ১৮৬ কোটি ৬৬ লাখ টাকা এবং খুলনা বিশ্ববিদ্যালয় পেয়েছে ১৮২ কোটি ৯২ লাখ টাকা।
সর্বোচ্চ রাজস্ব বাজেট পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, যার বরাদ্দ ৯৪৯ কোটি ৩৬ লাখ টাকা। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয় ৫৪৩ কোটি ৫৮ লাখ টাকা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৫০৩ কোটি ৪৭ লাখ টাকা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা পেয়েছে।
নতুন অর্থবছরে গবেষণা খাতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে ইউজিসি। গবেষণা কার্যক্রমে দ্বৈততা পরিহারের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়সমূহ এবং ইউজিসির গবেষণা বাজেট একীভূত করা হয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা খাতের ২০০ কোটি টাকা ইউজিসির বাজেটে স্থানান্তর করা হয়েছে, যা ইউজিসির গবেষণা খাতে মোট বরাদ্দকে ২২৬ কোটি টাকায় উন্নীত করেছে। পাশাপাশি বৈদেশিক স্কলারশিপ খাতে ১২ কোটি টাকা যুক্ত হওয়ায় এ খাতে মোট বরাদ্দ দাঁড়িয়েছে ২৩৮ কোটি টাকা।
সংশ্লিষ্টরা মনে করছেন, রাজধানীকেন্দ্রিক একমাত্র পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা, অবকাঠামোগত সংকট, আবাসন সমস্যা এবং চলমান উন্নয়ন কার্যক্রম বিবেচনায় ভবিষ্যতে আরও বড় বাজেট বরাদ্দের প্রয়োজন রয়েছে।
রিপোর্টারের নাম 
























