জামায়াতে ইসলামীর সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে সরকারি দলের সিনিয়র সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর (কুমিল্লা-৬) একটি ‘আপত্তিকর’ মন্তব্যে সংসদে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তিনি বিরোধীদলীয় নারী সংসদ সদস্যদের ইঙ্গিত করে বলেন, ‘…কিন্তু বুঝলাম না তো কারা আপনারা?’ তার এই মন্তব্যে গতকাল রোববার সংসদ উত্তপ্ত হয়ে ওঠে এবং বিরোধীদলের সকল সংসদ সদস্য দাঁড়িয়ে এর প্রতিবাদ জানান।
এই ঘটনায় কয়েক মিনিটের জন্য সংসদের কার্যক্রমে বিঘ্ন ঘটে। ডেপুটি স্পিকার কায়সার কামাল ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে মনিরুল হক চৌধুরীর মন্তব্যটি এক্সপাঞ্জ (বাদ) করলে উত্তেজনা প্রশমিত হয়। পরে অবশ্য বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বলেন, সংসদে বিরোধীদলের নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে এমন মন্তব্য একটি অমার্জনীয় অপরাধ এবং একজন সংসদ সদস্য হিসেবে এটি বর্ণবাদী আচরণ।
গতকাল সংসদে চলতি ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নেন মনিরুল হক চৌধুরী। তিনি ‘জামায়াতে ইসলামকে চেনা কঠিন’ উল্লেখ করে তার জেলার এমপি এবং বিরোধীদলীয় উপনেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে নিয়ে একটি ঘটনার বর্ণনা দেন।
মনিরুল হক চৌধুরী বলেন, ২০০১ সালে খন্দকার মোশাররফ হোসেন মন্ত্রী হওয়ার পর সব সংসদ সদস্যকে স্ত্রীসহ দাওয়াত দেওয়া হয়েছিল। তিনি নিজে স্ত্রীসহ কোথাও যান না, কারণ কোন বিপদে পড়েন তা নিয়ে অনিশ্চয়তা থাকে। তিনি সেদিন স্ত্রীসহ যাননি, কিন্তু তাহের ভাই গিয়েছিলেন। সেখানে পৌঁছে তিনি (মনিরুল) দেখতে পান ‘একটা কিছু হাঁটতেছে’। তিনি তাহের ভাইকে জিজ্ঞেস করেন, ‘ভাবী কই?’ উত্তরে তাহের ভাই বলেন, ‘এই যে’। তখন মনিরুল বলেন, ‘আপনি যে বদলায়ে আনেন নাই, এটা কেমনে বুঝব।’ এই সময় সংসদে হাসির রোল পড়ে যায়।
ওই ঘটনা বর্ণনার পরপরই মনিরুল হক চৌধুরী বর্তমান সংসদে বিরোধীদলীয় নারী সংসদ সদস্যদের নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘আমাদের হাউসে বোনেরা এমপি হয়ে এসেছেন। আপনারা অভিনন্দন জানিয়েছেন, আমিও অভিনন্দন জানাতে চাই। আপনারা মেধাবী। দুজনের বক্তৃতা শুনেছি, আগামীতে কিছু করতে পারবেন। লেখাপড়া জানা। কিন্তু বুঝলাম না তো কারা আপনারা?’ এ সময় তিনি সরকার ও বিরোধীদলীয় উভয় পক্ষের নারী সংসদ সদস্যদের দিকে হাত দেখিয়ে বলেন, ‘আপনারা এদিকে দেখতে পারেন, আমরা এই দিকে (জামায়াতের নারী সংসদ সদস্যদের) দেখলে… কী আছে বুঝব না, এটা ঠিক না।’
এ সময় ডেপুটি স্পিকার বলেন, ‘মাননীয় সংসদ সদস্য, ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে কথা বলা উচিত নয়।’
রিপোর্টারের নাম 

























