ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) প্রতিনিধিদল সম্প্রতি চীন সফর শেষে দেশটির দূতাবাসের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিয়েছে। বৈঠকে ডাকসু নেতৃবৃন্দ চীন সফরে তাদের আমন্ত্রণ জানানোর জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বৈঠকে ডাকসু প্রতিনিধিরা চীন সফরের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা চীনের ঐতিহ্যবাহী স্থাপনা, সুশৃঙ্খল নগর ব্যবস্থাপনা, উন্নত নিরাপত্তা ব্যবস্থা এবং প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান পরিদর্শন থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা নিজ মাতৃভূমিকে সমৃদ্ধ ও আধুনিক করে গড়ে তোলার আগ্রহ ব্যক্ত করেন।
এই সফর থেকে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ ও চীনের শিক্ষার্থী এবং গবেষকদের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে ডাকসু দূতাবাসের কাছে কয়েকটি সহযোগিতামূলক উদ্যোগের প্রস্তাবনা পেশ করে। প্রস্তাবগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: চীন-বাংলাদেশ যৌথ ফেলোশিপ প্রোগ্রাম, দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি একাডেমিক বিনিময় কর্মসূচি, ডাকসু ও চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতাদের মধ্যে সংলাপ, বাংলাদেশ-চীন যুব গবেষণা উদ্যোগ, বৃত্তিমূলক ও কারিগরি দক্ষতা বিনিময় কর্মসূচি এবং চীনা ভাষা ও সংস্কৃতি বিনিময় কর্মসূচি।
চীনা দূতাবাসের কালচারাল সেক্রেটারি লি শাওপেং ডাকসু নেতৃবৃন্দের প্রস্তাবগুলো গভীর মনোযোগ সহকারে শোনেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে, এই উদ্যোগগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর, শক্তিশালী ও অর্থবহ হয়ে উঠবে।
রিপোর্টারের নাম 























