নোয়াখালীর সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের আকস্মিক মিছিলকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষ, ভাঙচুর ও উত্তেজনার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গত দুই দিনে অভিযান চালিয়ে পুলিশ নিষিদ্ধ সংগঠনের ৪৭ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। একই সঙ্গে, সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলামকে পুলিশ লাইন্সে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে। নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) টি এম মোশাররফ হোসেন রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার দিবাগত রাত থেকে রোববার ভোর পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৭ জনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রমতে, গত শুক্রবার বিকেল ৪টার দিকে সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধেরহাট বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা একটি মিছিল বের করে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মিছিল চলাকালে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলেও তা ছত্রভঙ্গ করতে ব্যর্থ হয়। ওই মিছিলে নোয়ান্নই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল করিম বাবু নেতৃত্ব দেন বলে জানা গেছে। ঘটনার পর ছাত্রদল ও ছাত্রশিবির পৃথক বিক্ষোভ সমাবেশ করে। বিক্ষোভ শেষে ফেরার পথে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে এবং কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। এই ঘটনায় সুধারাম মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে, সদর উপজেলার নোয়ান্নই ও কালাদরাপ ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলামকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এটিকে একটি নিয়মিত প্রশাসনিক বদলি হিসেবে দাবি করা হয়েছে। একই আদেশে মো. কামরুল ইসলামকে সুধারাম মডেল থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও, সুধারাম থানার পরিদর্শক (অপারেশন) শ্রীরাম ভট্টাচার্যকে হাতিয়া থানার ওসি (তদন্ত) এবং হাতিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমানকে…
রিপোর্টারের নাম 



















