বগুড়া-নাটোর মহাসড়কে কুন্দারহাট হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ এনে সিএনজিচালিত অটোরিকশাচালকেরা প্রায় দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। রোববার বেলা ১১টার দিকে শাজাহানপুরের জামাদারপুকুর এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, অবরোধ চলাকালে শতাধিক অটোরিকশাচালক মহাসড়কে গাড়ি রেখে বিভিন্ন স্লোগান দেন এবং চাঁদাবাজি বন্ধের দাবি জানান। তাদের অভিযোগ, হাইওয়ে পুলিশ নিয়মিতভাবে অটোরিকশা থেকে চাঁদা আদায় করছে এবং হয়রানি করছে।
এই অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে প্রায় দেড় হাজার যানবাহন আটকা পড়ে। এতে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হয় এবং যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন।
খবর পেয়ে শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল ঘটনাস্থলে পৌঁছে চালকদের সঙ্গে আলোচনা করেন। প্রায় দুই ঘণ্টা পর উভয় পক্ষের মধ্যে সমঝোতা হলে চালকেরা অবরোধ প্রত্যাহার করেন এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
কুন্দারহাট হাইওয়ে থানার ওসি হাফিজ উদ্দিন অবশ্য চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, কোনো অটোরিকশা থেকে হাইওয়ে পুলিশের চাঁদা নেওয়ার সত্যতা নেই। যদি কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে এমন অভিযোগ প্রমাণিত হয়, তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টারের নাম 



















