বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) নারী শিক্ষার্থী ও শিক্ষিকাদের সঙ্গে অশোভন আচরণ এবং অশালীন প্রস্তাব দেওয়ার অভিযোগে আলী আজম সাব্বির খান নামে এক ব্যক্তিকে প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১ জুন) টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী এসএম ইমদাদুল হক স্বাক্ষরিত আদেশে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। অভিযুক্ত ব্যক্তি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
অভিযোগ রয়েছে, টিটিসিতে ড্রাইভিং ও আরএসি ট্রেডের শিক্ষার্থী থাকাকালীন সাব্বির খান প্রায় ২০ জন নারী শিক্ষার্থী ও ছয়জন শিক্ষিকাকে ব্যক্তিগতভাবে ও মোবাইল ফোনে উত্ত্যক্ত করে আসছিলেন। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে তাকে সতর্ক করা হলেও তিনি সংশোধন হননি। উল্টো দলীয় পরিচয়ে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।
এর আগে গত ২৪ মে মুচলেকা দেওয়ার সময় ভুক্তভোগী নারীদের হাতে জুতাপেটার শিকার হন তিনি। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় রাজনৈতিক দল থেকেও তাকে অব্যাহতি ও শোকজ করা হয়। সবশেষে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।
রিপোর্টারের নাম 























