কারও জন্মসনদ অনুযায়ী বয়স যা-ই হোক না কেন, শরীর ভেতর থেকে কতটা বুড়িয়ে গেছে বা তার জৈবিক বয়স কত, তা এখন জানা যাবে রক্তের সাধারণ পরীক্ষাতেই। আর এই প্রকৃত বয়সের চেয়ে জৈবিক বয়স বেশি হলে মৃত্যুর ঝুঁকি ও হাসপাতালে ভর্তির আশঙ্কা আশঙ্কাজনকভাবে বেড়ে যায়। ইসরায়েল, চীন ও যুক্তরাষ্ট্রের একদল আন্তর্জাতিক গবেষক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় এক গবেষণায় এই তথ্য পেয়েছেন।
ইসরায়েলের শিবা মেডিক্যাল সেন্টারের এক বিবৃতিতে জানানো হয়, এজিং অ্যান্ড ডিজিজ সাময়িকীতে এই গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। গবেষকেরা সাধারণ রক্ত পরীক্ষার ফলাফলের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তাকে যুক্ত করে একটি সহজ পদ্ধতি তৈরি করেছেন, যার মাধ্যমে মানুষের দ্রুত বুড়িয়ে যাওয়া এবং গুরুতর অসুস্থতা প্রকাশের কয়েক বছর আগেই তার স্বাস্থ্যঝুঁকি শনাক্ত করা সম্ভব।
গবেষণায় দেখা গেছে, একজন মানুষের প্রকৃত বা কালানুক্রমিক বয়সের চেয়ে প্রতি ১টি অতিরিক্ত জৈবিক বছর বাড়ার কারণে তার মৃত্যুর ঝুঁকি ১৫ শতাংশ এবং হাসপাতালে ভর্তির ঝুঁকি ৬ শতাংশ বৃদ্ধি পায়। বিশেষ করে যখন জৈবিক বয়স প্রকৃত বয়সের চেয়ে তিন বছরের বেশি ছাড়িয়ে যায়, তখন এই স্বাস্থ্যঝুঁকিগুলো অত্যন্ত স্পষ্ট হয়ে ওঠে। এই গবেষণার জন্য ইসরায়েলের প্রায় ২ হাজার ৬০০ জন প্রাপ্তবয়স্ক মানুষের ওপর টানা নয় বছরেরও বেশি সময় ধরে নজর রাখা হয়েছিল এবং তাদের ৬ হাজার ৭০০টিরও বেশি স্বাস্থ্য পরীক্ষা বিশ্লেষণ করা হয়েছে।
গবেষকদের মতে, এই আবিষ্কারের ফলে চিকিৎসকেরা এখন অনেক আগেই রোগীদের জীবনযাত্রার মান পরিবর্তন, প্রতিরোধমূলক যত্ন এবং নিবিড় চিকিৎসার পরামর্শ দিতে পারবেন; যা ভবিষ্যতে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি এড়াতে সাহায্য করবে।
রিপোর্টারের নাম 























