চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় একটি মাছের প্রকল্পের লেকে ডুবে এক চাচা ও তার ভাতিজার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার পাইন্দং ইউনিয়নের ডলু নতুন বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পাইন্দং এলাকার আবুল কাশেমের ছেলে এবং মাছের প্রকল্পের মালিক মোহাম্মদ মফিজুর রহমান (৪৫) এবং তার ভাতিজা, মোহাম্মদ আজাদের তিন বছর বয়সী কন্যা মুনতাহিনা। প্রত্যক্ষদর্শীদের মতে, শনিবার বিকালে ডলু নয়াবাজার আর্মি ক্যাম্প সংলগ্ন ‘এমডিএস এগ্রো’ নামক মাছের প্রকল্পে তিনটি শিশু নৌকা নিয়ে ঘুরতে গিয়েছিল। হঠাৎ নৌকাটি উল্টে গেলে শিশুরা পানিতে পড়ে যায়। তাদের উদ্ধার করতে এগিয়ে আসেন মফিজুর রহমান। তিনি দুটি শিশুকে উদ্ধার করতে সক্ষম হলেও মুনতাহিনা নামে এক শিশু নিখোঁজ থাকে। তাকে খুঁজতে পুনরায় পানিতে নামলে মফিজুর রহমানও ডুবে যান। স্থানীয়রা পরে মফিজুর রহমানের মৃতদেহ উদ্ধার করেন। দীর্ঘ অনুসন্ধানের পর রাত সাড়ে ৮টার দিকে নিখোঁজ শিশুটির মরদেহও উদ্ধার করা হয়। নিহতদের আত্মীয় সোয়েব আল সালেহীন জানান, নৌকাডুবির ঘটনায় প্রথমে শিশুটি মারা যায় এবং তাকে বাঁচাতে গিয়ে মফিজুর রহমানও ডুবে যান। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রিপোর্টারের নাম 






















