সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন প্রান্তে শিশু হত্যা, ধর্ষণ ও নির্যাতনের ধারাবাহিক ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। সংগঠনটি এই নৃশংস ঘটনাগুলোর সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে।
সংগঠনের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলামের স্বাক্ষর করা এক বিবৃতিতে বলা হয়েছে, গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, সম্প্রতি ঢাকা, মুন্সীগঞ্জ, ঠাকুরগাঁও ও সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে শিশুদের উপর পাশবিক নির্যাতন ও হত্যার ঘটনা ঘটেছে। এর মধ্যে রামিসা আক্তার, আছিয়া আক্তার, লামিয়া আক্তার ও ফাহিমা আক্তার সহ একাধিক শিশুর মৃত্যুর ঘটনা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে এবং কিছু ক্ষেত্রে তাদের গ্রেপ্তারও করা হয়েছে।
এইচআরএসএস-এর সংগৃহীত তথ্যানুযায়ী, গত জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সারাদেশে প্রায় ১ হাজার ৮৯০ জন শিশু ও কিশোরী নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ৪৮৩ জন নিহত এবং ১ হাজার ৪০৭ জন শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছে। এছাড়াও, ৫৮০ জন শিশু ধর্ষণের শিকার এবং ৩১৮ জন যৌন নিপীড়নের শিকার হয়েছে। সংগঠনটি আরও বলছে যে, শিশু হত্যা, ধর্ষণ ও নির্যাতনের মতো সহিংসতা প্রতিরোধ করা রাষ্ট্রের সাংবিধানিক ও আইনগত দায়িত্ব হলেও, একের পর এক ঘটনা প্রমাণ করছে যে শিশু সুরক্ষায় বিদ্যমান ব্যবস্থা যথেষ্ট কার্যকর নয়।
রিপোর্টারের নাম 




















