টাকার অভাবে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন সাত মাস বয়সী শিশু তাজিমের চিকিৎসা চালিয়ে নিতে দিশেহারা হয়ে পড়েছিলেন তার প্রতিবন্ধী বাবা আসলাম। অসহায় এই বাবার কষ্টের খবর নজরে আসতেই মানবিক হাত বাড়িয়ে দিয়েছেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম। তিনি শিশুটির চিকিৎসার যাবতীয় দায়িত্ব গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার সকালে রাজধানীর শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে হামে আক্রান্ত শিশুদের অবস্থা পর্যবেক্ষণ করতে যান জেলা প্রশাসক। সেখানে তিনি তাজিমের বাবার হাতে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দেন এবং ভবিষ্যতে শিশুটির যাবতীয় চিকিৎসা ব্যয় বহনের ঘোষণা দেন। একই সঙ্গে সেখানে চিকিৎসাধীন তামজিদ নামের আরও এক অসুস্থ শিশুর চিকিৎসার দায়িত্বও গ্রহণ করেন তিনি।
জেলা প্রশাসকের এই সময়োপযোগী ও মানবিক উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অসুস্থ শিশুদের পরিবার। এসময় বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 






















