আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা এবং কোরবানির প্রস্তুতি নির্বিঘ্ন করতে বাংলাদেশ পুলিশ জনসাধারণকে বিভিন্ন সতর্কতা ও পরামর্শ প্রদান করেছে। পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঈদযাত্রা নিরাপদ করতে যাত্রার পরিকল্পনা আগে থেকে করতে হবে, যাতে ট্রেন, বাস, লঞ্চ ও ফেরিঘাটের শেষ মুহূর্তের ভিড় এড়ানো যায়। জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী হিসেবে বাস, ট্রেন, লঞ্চ বা স্টিমারের ছাদে এবং ট্রাক, পিকআপ বা অন্য পণ্যবাহী যানে ভ্রমণ থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে।
পুলিশ চালকদের দ্রুতগতিতে গাড়ি চালানো বা ঝুঁকিপূর্ণ ওভারটেকিং থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। অপেশাদার, ক্লান্ত বা অসুস্থ চালক যাতে গাড়ি না চালায় সেদিকেও সতর্ক থাকতে বলা হয়েছে। হাইওয়েতে নসিমন, করিমন, ভটভটি ইত্যাদি ধরনের যানবাহন ব্যবহার পরিহার করতে এবং ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ গাড়ি না চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে। ট্রেনে ভ্রমণের সময় মালামাল নিজ দায়িত্বে রাখতে এবং বিনা টিকিটে ভ্রমণ না করার বিষয়েও সতর্ক করা হয়েছে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে নৌযানে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। নৌযান মালিকদের দুর্ঘটনা কবলিত নৌযান শনাক্তকরণের জন্য ১০০-১৫০ ফুট লম্বা দড়ি সংবলিত বয়া এবং লাইফ জ্যাকেটের ব্যবস্থা রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। লঞ্চ ও ফেরিতে উঠানামার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করার কথা বলা হয়েছে।
এছাড়াও, যাত্রাপথে অজ্ঞান পার্টি, মলম পার্টিসহ প্রতারক চক্রের বিষয়ে সতর্ক থাকতে এবং সন্দেহজনক ব্যক্তি বা ঘটনা দেখলে তাৎক্ষণিক পুলিশকে খবর দিতে বা ৯৯৯-এ কল করতে অনুরোধ করা হয়েছে। অপরিচিত ব্যক্তির কাছ থেকে খাবার বা পানীয় গ্রহণের ক্ষেত্রেও সতর্ক থাকতে বলা হয়েছে।
রিপোর্টারের নাম 



















