গাইবান্ধার সুন্দরগঞ্জে কুকুরের কামড়ে একাধিক মৃত্যুর ঘটনা তদন্ত করার জন্য জেলা সিভিল সার্জনকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (২০ মে) বিচারপতি মো. ইকবাল কবির এবং বিচারপতি এসএম সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ এই আদেশ জারি করেন। রিট আবেদনের প্রাথমিক শুনানির পর আদালত এই নির্দেশনা দেন।
রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শামীম হায়দার পাটোয়ারী। তিনি জানান, গাইবান্ধায় কুকুরের কামড়ে অন্তত ১৭ জন আহত হয়েছেন এবং পাঁচজন মারা গেছেন। এই ঘটনার প্রেক্ষিতে, মৃতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান এবং আহতদের সরকারি খরচে চিকিৎসার নির্দেশনা চেয়ে একজন আইনজীবী হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করেন। আবেদনে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, গাইবান্ধার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ মোট ১১ জন সংশ্লিষ্ট কর্মকর্তাকে বিবাদী করা হয়েছিল।
সংবাদমাধ্যমকে আইনজীবী শামীম হায়দার পাটোয়ারী বলেন, গাইবান্ধায় কুকুরের কামড়ে আহত ১৭ জন সরকারি হাসপাতালে টিকা না পেয়ে বেসরকারি হাসপাতাল থেকে টিকা কিনে নেন। এরপরও পাঁচজন মারা যান। আদালত গাইবান্ধার সিভিল সার্জনকে ঘটনার বিস্তারিত তদন্ত করে ঈদের ছুটির পর প্রতিবেদন জমা দিতে বলেছেন। প্রতিবেদনে ঘটনার কারণ, মৃতের সংখ্যা, মৃত্যুর পদ্ধতি, এবং কোনো গাফিলতি ছিল কিনা, সে বিষয়ে বিস্তারিত উল্লেখ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 



















