রাজধানীর মিরপুরে একটি অবৈধ বস্তি উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে চরম উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২০ মে) দুপুরে মিরপুরের ইসিবি-কালশী সড়কের বাউনিয়াবাঁধ এলাকায় অভিযান চলাকালে বস্তিবাসীদের হামলার শিকার হন পুলিশ সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পেরে পুলিশ পিছু হটতে বাধ্য হয়।
জানা গেছে, সরকারি জায়গায় গড়ে ওঠা অবৈধ বস্তি উচ্ছেদের জন্য পুলিশ ও সিটি করপোরেশনের কর্মকর্তারা যৌথভাবে অভিযান পরিচালনা করতে যান। অভিযান শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন।
স্থানীয়দের অভিযোগ, প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষের বসবাস রয়েছে এমন এলাকায় কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই ঘরবাড়ি ভাঙার কাজ শুরু করায় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। ভিডিওতে দেখা যায়, হামলার মুখে পুলিশ সদস্যরা প্রাণ বাঁচাতে দৌড়ে সরে যাচ্ছেন এবং তাদের পেছনে ধাওয়া করছে বস্তিবাসীরা।
রিপোর্টারের নাম 






















