জাতীয় ও ঘরোয়া ফুটবলে শীর্ষ পর্যায়ে খেলে সাফল্য অর্জনকারী সাবেক ফুটবলার জাহেদ পারভেজ চৌধুরী সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলে জাতীয় ক্রীড়া পরিষদের কাউন্সিলর হিসেবে মনোনীত হয়ে আলোচনায় এসেছেন। বর্তমানে তিনি জাতীয়তাবাদী ক্রীড়া দলের সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।
ফুটবলার থেকে ক্রিকেটে এই পদ পাওয়া নিয়ে সৃষ্ট প্রশ্নের জবাবে জাহেদ পারভেজ চৌধুরী বলেন, তিনি একজন খেলোয়াড় হিসেবে সব খেলার এবং খেলোয়াড়দের সমস্যা বোঝেন। ক্রীড়া দলের সদস্য সচিব হিসেবে তিনি বিভিন্ন খেলার পাশাপাশি ক্রিকেটেও কাজ করছেন। এই অভিজ্ঞতা ও ক্রীড়া উন্নয়নে কাজের আগ্রহের কারণেই তাকে বিসিবির নির্বাচনে কাউন্সিলর হিসেবে মনোনীত করা হয়েছে বলে তিনি জানান।
তিনি সাবেক তারকা ফুটবলার শফিউল আরেফিন টুটুলের উদাহরণ টেনে বলেন, টুটুল ভাই ফুটবলার হয়েও ক্রিকেটে সফলভাবে কাজ করেছেন। তিনি নিজেও সেই আত্মবিশ্বাস নিয়েই কাউন্সিলর হয়েছেন।
জাহেদ পারভেজ চৌধুরী বলেন, তিনি মনে করেন, কাজ করতে চাইলে যেকোনো পথেই তা করা সম্ভব। কে কোন খেলা থেকে আসছে, তা এখানে মুখ্য নয়। তিনি আরও জানান, দলের ক্রীড়া উন্নয়নের মেনিফেস্টো বাস্তবায়নের চেষ্টা করবেন এবং দলের নির্দেশনা পেলে বিসিবিতে সরাসরি কাজ করতেও ইচ্ছুক।
রিপোর্টারের নাম 























