সরকারি রাজস্ব ব্যবস্থাপনা আধুনিকায়ন এবং স্বচ্ছতা নিশ্চিত করতে আগামী ১ জুলাই থেকে ম্যানুয়াল চালান পদ্ধতি পুরোপুরি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে সব ধরনের সরকারি রাজস্ব ও প্রাপ্তি অনলাইনে ‘এ-চালান’ ব্যবস্থার মাধ্যমে জমা দিতে হবে। অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা এক পরিপত্রে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের ভাষ্যমতে, বর্তমানে অনেক সরকারি দপ্তর ম্যানুয়াল পদ্ধতি ব্যবহার করায় এবং কিছু প্রতিষ্ঠান আইন অমান্য করে বাণিজ্যিক ব্যাংকে আলাদা হিসাব খোলা রাখায় সরকারি অর্থের প্রকৃত হিসাব পাওয়া কঠিন হয়ে পড়ছে। এর ফলে সরকারের নগদ প্রবাহ ব্যবস্থাপনায় জটিলতা তৈরি হচ্ছে এবং সরকারকে উন্নয়ন কাজের জন্য উচ্চ সুদে ঋণ নিতে হচ্ছে।
নতুন এই সিদ্ধান্তের ফলে সরকারের সব আয়-ব্যয় একটি কেন্দ্রীয় কাঠামোর (ট্রেজারি সিঙ্গেল অ্যাকাউন্ট) আওতায় আসবে। এতে সরকারের নগদ অর্থের স্থিতি রিয়েল টাইমে জানা সম্ভব হবে, যা সরকারি অর্থ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে। ২০১৮-১৯ অর্থবছর থেকে অনলাইনে রাজস্ব জমা দেওয়ার এ ব্যবস্থা চালু হলেও এবার তা শতভাগ বাধ্যতামূলক করা হয়েছে।
রিপোর্টারের নাম 























