জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ীর কাজলা এলাকায় মো. জাহাঙ্গীর (৫৪) নামে এক ব্যক্তি নিহতের মামলায় সাবেক রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনকে গ্রেফতার দেখানো হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই মহিন উদ্দিন।
মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই শামীম হোসেন গত ১৪ মে নুরুল ইসলাম সুজনকে এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেছিলেন। শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করা হয়েছিল।
শুনানি শেষে আদালত তাকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার বিবরণে জানা যায়, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ২০ জুলাই বিকাল ৩টার দিকে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে মো. জাহাঙ্গীর (৫৪) গুলিবিদ্ধ হন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে মারা যান। পরে এ ঘটনায় মামলা করা হয়।
আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে নুরুল ইসলাম সুজনকে গ্রেফতার করেছিল যাত্রাবাড়ী থানা পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।
রিপোর্টারের নাম 




















