সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই রোগে সিলেট বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ জনে।
মঙ্গলবার (১৯ মে) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের বুলেটিনে এই তথ্য জানানো হয়। বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন শিশুই হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এদের মধ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৬ মাস বয়সী ইশিতা কাহের মারা যায় সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে। এছাড়া মৌলভীবাজার সদরের ৯ মাস বয়সী সুমিতা ও সিলেট সদরের লাবিবা (৯ মাস) মারা যায় সিলেট শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯২ জন সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মোট ২৮১ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭০ জন এবং ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৭৭ জন চিকিৎসা নিচ্ছে। মারা যাওয়া ৪০ জনের মধ্যে ৪ জন নিশ্চিত হামে এবং ৩৬ জন উপসর্গে মারা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুনির ওমর রাশেদ জানিয়েছেন, হামের প্রকোপ বাড়ায় ওসমানী হাসপাতালে ২০টি এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪টি আইসিইউ বেড সংযোজন করা হয়েছে।
রিপোর্টারের নাম 





















