একটি নতুন কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে রাজশাহীতে হঠাৎ করেই সব ধরনের বাস চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা। পূর্ব ঘোষণা ছাড়াই এই ধর্মঘট শুরু হওয়ায় দূরপাল্লা ও আন্তঃজেলা রুটের যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়েছেন।
জানা গেছে, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সম্প্রতি রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের একটি নতুন কমিটি ঘোষণা করে, যেখানে রফিকুল ইসলাম পাখিকে সভাপতি ও মোমিনুল ইসলাম মোমিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। তবে, শ্রমিকদের একটি বড় অংশ এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি এবং নির্বাচন ছাড়াই কেন্দ্র থেকে নতুন কমিটি চাপিয়ে দেওয়ার প্রতিবাদে তারা এই ধর্মঘটের ডাক দিয়েছে।
আন্দোলনরত শ্রমিকদের দাবি, ঘোষিত কমিটি বাতিল করে অবিলম্বে তিন মাস মেয়াদি আহ্বায়ক কমিটি গঠন করতে হবে এবং একটি সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে হবে। এদিকে, সকাল থেকে রাজশাহী কেন্দ্রীয় বাস টার্মিনালসহ নগরীর বিভিন্ন কাউন্টারে গিয়ে দেখা গেছে, হাজার হাজার যাত্রী ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও বাসের দেখা পাচ্ছেন না। জরুরি প্রয়োজনে দেশের বিভিন্ন জেলায় যেতে ইচ্ছুক যাত্রীরা পড়ে চরম বিপাকে পড়েছেন।
বিক্ষুব্ধ শ্রমিক নেতারা সাফ জানিয়ে দিয়েছেন, ফেডারেশনের দেওয়া বর্তমান অবৈধ কমিটি বাতিল করে আহ্বায়ক কমিটির মাধ্যমে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা না করা পর্যন্ত তাদের আন্দোলন ও বাস চলাচল বন্ধ কর্মসূচি অব্যাহত থাকবে। নতুন ঘোষিত কমিটির সভাপতি রফিকুল ইসলাম পাখি জানিয়েছেন, তারা আন্দোলনরত পক্ষসহ সবার সঙ্গে আলোচনা করে দ্রুত সমঝোতার মাধ্যমে বাস চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন।
রিপোর্টারের নাম 






















