নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সম্ভাব্য তৎপরতা রোধে রাজধানীজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশ সূত্র জানিয়েছে, রবিবার (১৭ মে) শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলো কোনো কর্মসূচি পালন করতে পারে— এমন আশঙ্কায় পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কোনো অবৈধ কার্যক্রম দেখা গেলে তা তাৎক্ষণিকভাবে প্রতিহত করা হবে।
জানা গেছে, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কার্যক্রম ছড়িয়ে পড়েছে। এসব বিষয় নজরে রেখে রাজধানীতে বাড়তি নিরাপত্তা জোরদার করেছে ডিএমপি। শনিবার (১৬ মে) দিবাগত রাতে ডিএমপির একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ডিএমপির কন্ট্রোল রুম থেকে ইতোমধ্যে রাজধানীর সব থানায় বিশেষ বার্তা পাঠানো হয়েছে। এতে নগরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার পাশাপাশি ভোরের সময় অলিগলি ও গুরুত্বপূর্ণ সড়কে অতিরিক্ত টহল ও নজরদারি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার ভোরে বনানীর ঢাকা-ময়মনসিংহ রোড এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পোস্টার ও লিফলেটসহ মো. আশিক তপেদার (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীতে পুলিশের এই সতর্ক অবস্থানের বিষয়ে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার এস এন নজরুল ইসলাম বলেন, “কোনো রাজনৈতিক নিষিদ্ধ সংগঠনের দিবস আছে কি নেই— এটি দেখার বিষয় নয় এবং কোনো ধরনের হুমকিও নেই। তবে সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে নানা ধরনের বিষয়বস্তু লক্ষ্য করা যাচ্ছে। পুলিশ সব অপরাধীকে প্রতিহত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে। যেকোনো অপতৎপরতা ঠেকাতে পুলিশের বিভিন্ন কার্যক্রম চলছে।”
রিপোর্টারের নাম 





















