রাজধানীর মিরপুরে নিজ বাসা থেকে স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় ছোট পর্দার অভিনেতা যাহের আলভী ও তার মা নাসরিন সুলতানা শিউলির বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যায় প্ররোচণার মামলার তদন্তভার থানা পুলিশ থেকে গোয়েন্দা বিভাগে (ডিবি) হস্তান্তর করা হয়েছে।
গত ১৪ মে মামলার তদন্তভার ডিবি পুলিশকে দেওয়া হয়েছে বলে জানা গেছে। রবিবার (১৭ মে) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও ডিবি পুলিশ প্রতিবেদন জমা দিতে পারেনি। ফলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আগামী ২৪ জুন প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ করেছেন।
গত ২৮ ফেব্রুয়ারি পল্লবীর ডিওএইচএস এলাকার বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ইকরাকে উদ্ধার করা হয়। পরে বাসার মালিক ও স্বজনরা তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।
ওই রাতেই ইকরার বাবা কবির হায়াত খান মামলা দায়ের করেন। মামলায় তিনি অভিযোগ করেন, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণে তার মেয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।
রিপোর্টারের নাম 



















