অধ্যাপক ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাস সময়কালের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিটের বিষয়ে বৃহস্পতিবার (২১ মে) আদেশ দেবেন হাইকোর্ট।
রবিবার (১৭ মে) এ বিষয়ে দায়ের করা রিটের শুনানিতে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী এম কে রহমান ও রিটকারী আইনজীবী মহসিন রশীদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
পরবর্তীতে আইনজীবী এম কে রহমান সাংবাদিকদের জানান, ড. ইউনূসের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্ত চেয়ে রিট করা হয়েছে। তাদের দাবি, এই সময়ে দেশে অর্থনীতি, স্বাস্থ্যসহ সব ক্ষেত্রে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট অনুযায়ী একটি কমিশন গঠন করা উচিত, যাতে ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকার এসে এমন পরিস্থিতি তৈরি করতে না পারে। আদালত বিষয়টি শুনেছেন এবং অ্যাটর্নি জেনারেলও উপস্থিত ছিলেন। আগামী বৃহস্পতিবার আদেশের জন্য দিন নির্ধারণ করা হয়েছে।
আইনজীবী মহসিন রশিদ সাংবাদিকদের বলেন, যা কিছু ঘটেছে তার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করা হয়েছে। তদন্ত কীভাবে হবে, তা সরকার নির্ধারণ করবে। অ্যাটর্নি জেনারেল বিষয়টি জেনে নেওয়ার জন্য সময় চেয়েছেন, অর্থাৎ তিনি সরকারের থেকে নির্দেশনা নেবেন। আমরাও চাই তিনি নির্দেশনা নিয়ে আসুন।
রিপোর্টারের নাম 



















