ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়ে আগামী ৭ জুন নির্ধারণ করা হয়েছে। রবিবার (১৭ মে) মামলাটির অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্ধারিত দিনে তদন্ত সংস্থা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) প্রতিবেদন জমা দিতে পারেনি। এর ফলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত নতুন এই তারিখ ধার্য করেন।
এটি নিয়ে মামলাটির অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৪ বার সময় পেলেন তদন্তকারী কর্মকর্তা। ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রুকনুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, গত ৬ জানুয়ারি এই মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিলেন। পরবর্তীতে ১৫ জানুয়ারি মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের নারাজি আবেদন দাখিল করলে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন।
মামলার অভিযোগ অনুযায়ী, শরিফ ওসমান হাদি অভ্যুত্থান-পরবর্তী সময়ে রাজনৈতিক-সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ গঠন করে মুখপাত্রের দায়িত্ব পালন করছিলেন। গত ১২ ডিসেম্বর পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে তার মৃত্যু হয়। এই ঘটনায় পল্টন থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছিল, যা পরে হত্যা মামলায় রূপান্তরিত হয়।
রিপোর্টারের নাম 



















