জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, বাংলাদেশে হার্ট ফাউন্ডেশন একটি অসাধারণ প্রতিষ্ঠান। হৃদরোগ বিষয়ে গণমানুষের কাছে সচেতনতা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই ফাউন্ডেশন যেভাবে কাজ করেছে, তা অন্য কোনো প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব হয়নি।
রবিবার (১৭ মে) বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে আয়োজিত এক গণমুখী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘একসাথে রক্তচাপ নিয়ন্ত্রণ করি, নীরব ঘাতক জয় করি’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত এই সেমিনারে সভাপতিত্ব করেন অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল (রিজভী) এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক সোহেল রেজা চৌধুরী।
চিফ হুইপ বলেন, বিশ্বে হৃদরোগে মৃত্যুর হার সবচেয়ে বেশি এবং এটি বর্তমানে অন্যতম বড় ঘাতক ব্যাধি। তিনি বলেন, মানুষের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর একটি হলো হার্ট, যা মানুষের নিয়ন্ত্রণের বাইরে, মহান আল্লাহর নিয়ন্ত্রণে পরিচালিত হয়। জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত হার্ট নিরবচ্ছিন্নভাবে কাজ করে যায়, তাই হৃদযন্ত্র সুস্থ রাখতে আমাদের সর্বদা সচেতন থাকতে হবে।
ফাউন্ডেশনের শুরুর দিকের স্মৃতিচারণ করে তিনি বলেন, এই হাসপাতালের সঙ্গে তার একটি ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। শুরুতে এখানে কোনো ভবন ছিল না, ঘাসের ওপর বসে চিকিৎসাসেবা দেওয়া হতো। বর্তমানে দেশে অতিরিক্ত পেস্টিসাইড, রাসায়নিক সার ও হাইব্রিড খাদ্যের ব্যবহারের কারণে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে এবং ১০ থেকে ১৫ বছর বয়সী শিশুদের মধ্যেও গুরুতর কিডনি সমস্যার প্রবণতা দেখা যাচ্ছে। মাছ, মুরগির মাংস ও শাকসবজিতে অতিরিক্ত রাসায়নিক ব্যবহার এবং কিছু অসাধু ব্যবসায়ীর নিম্নমানের ও ক্ষতিকর খাদ্যপণ্য তৈরির প্রবণতা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।
উল্লেখ্য, বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস প্রতি বছর ১৭ মে পালিত হয়। এই দিবস পালনের উদ্দেশ্য হলো উচ্চ রক্তচাপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও চিকিৎসা বিষয়ে জনগণ এবং চিকিৎসকদের মধ্যে তথ্য ছড়িয়ে দেওয়া। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে।
রিপোর্টারের নাম 



















