পটুয়াখালীর মহিপুরে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুত করা হয়েছে বিশাল আকৃতির আকর্ষণীয় দুটি ষাঁড়। ‘ভয়ংকর’ ও ‘বাদশা বাবু’ নামের এই গরু দুটির মোট দাম হাঁকা হচ্ছে ১৬ লাখ টাকা। ফ্রিজিয়ান ও শাহিওয়াল জাতের এই ষাঁড় দুটিকে দেখতে প্রতিদিন খামারে ভিড় করছেন দূর-দূরান্ত থেকে আসা পাইকার ও উৎসুক জনতা।
খামারি ইব্রাহিম হাওলাদার জানান, প্রায় চার বছর ধরে কোনো প্রকার ক্ষতিকর ইনজেকশন বা ওষুধ ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে গরু দুটিকে লালন-পালন করা হয়েছে। ১৮ মণ ওজনের ‘ভয়ংকর’-এর দাম ৯ লাখ এবং ১৭ মণ ওজনের ‘বাদশা বাবু’-এর দাম ৭ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। ভুট্টা, কাঁচা ঘাস ও ভুসি খাইয়ে পরম যত্নে বড় করা এই পশু দুটি এখন কোরবানির হাটে যাওয়ার অপেক্ষায় রয়েছে।
স্থানীয় পশু চিকিৎসকরা জানিয়েছেন, নিয়মিত তদারকির মাধ্যমে বড় হওয়া এই গরুগুলো শতভাগ সুস্থ ও স্বাস্থ্যবান। প্রাকৃতিক খাবারে বেড়ে ওঠায় এগুলোর শারীরিক গঠন বেশ মজবুত। খামারি ইব্রাহিম আশা করছেন, তার দীর্ঘ চার বছরের পরিশ্রমের সঠিক মূল্য তিনি পাবেন।
রিপোর্টারের নাম 
























