জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক নারী শিক্ষার্থীকে টেনে নিয়ে ধর্ষণচেষ্টার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, অভিযুক্ত যুবক ঘটনার প্রায় চার ঘণ্টা আগে ক্যাম্পাসে প্রবেশ করেছিলেন। শুক্রবার এক সংবাদ সম্মেলনে প্রক্টর জানান, অভিযুক্ত ব্যক্তি গত ১২ মে সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে বিশ মাইল এলাকা দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন এবং দীর্ঘ সময় বিভিন্ন স্থানে অবস্থান করে সুযোগের অপেক্ষা করতে থাকেন।
ফুটেজে দেখা যায়, অভিযুক্ত ব্যক্তি প্রান্তিক গেট, পদ্মপুকুর এবং শহীদ সালাম বরকত হল এলাকাসহ বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করেন। এমনকি ঘটনার আগে তিনি অন্য এক নারী শিক্ষার্থীরও পিছু নিয়েছিলেন। সবশেষে রাত ১১টা ১৩ মিনিটে পুরাতন ফজিলাতুন্নেছা হল সংলগ্ন এলাকায় ভুক্তভোগী শিক্ষার্থীকে রাস্তা থেকে টেনে জঙ্গলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। তবে ঘটনার পর তার পালিয়ে যাওয়ার পথ এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে ১৪ দফা জরুরি সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে কুইক রেসপন্স টিম গঠন, সার্বক্ষণিক হটলাইন চালু, পরিচয়পত্র বহন বাধ্যতামূলক করা এবং বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে কড়াকড়ি আরোপের মতো পদক্ষেপগুলো উল্লেখযোগ্য। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীকে শনাক্তে কাজ করছে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রিপোর্টারের নাম 
























