সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল তিন বিদ্যালয়ে কোনো শিক্ষককে উপস্থিত পাননি। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত তিনি উপজেলার পাঁচটি বিদ্যালয় পরিদর্শন করেন।
পরিদর্শনকালে আবিদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল সাড়ে ৯টার দিকে, দুগনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌনে ১০টার দিকে এবং কায়েতকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টার দিকে গিয়ে কোনো শিক্ষকের দেখা মেলেনি। এই সময়ে তিনি মধ্যনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ও পরিদর্শন করেন এবং বিদ্যালয়গুলোর পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি ও সার্বিক পরিবেশ ঘুরে দেখেন।
মধ্যনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এমপি স্যার স্কুল পরিদর্শনের সময় তাকে ফোন করেছিলেন। বিষয়টি জানার পর সংশ্লিষ্ট শিক্ষকদের শোকজ করা হয়েছে এবং তাদের লিখিত জবাবের প্রেক্ষিতে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
পরিদর্শন শেষে এমপি কামরুল হাওরাঞ্চলের শিক্ষাব্যবস্থার উন্নয়নে শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার ওপর জোর দেন। তিনি বলেন, সময়মতো বিদ্যালয়ে উপস্থিত থেকে শিক্ষার্থীদের পাঠদান নিশ্চিত করা অত্যন্ত জরুরি। শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে তিনি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলেও জানান।
রিপোর্টারের নাম 





















