জলবায়ু পরিবর্তনকে বাংলাদেশসহ পুরো বিশ্বের জন্য অন্যতম বড় সংকট হিসেবে অভিহিত করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেছেন, এই সংকট মোকাবিলায় গণমাধ্যম ও যুবসমাজকে অবশ্যই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি মনে করেন, গণমাধ্যমকে পরিবেশ ধ্বংস, দূষণ এবং জলবায়ু পরিবর্তনের বাস্তব চিত্র নিরপেক্ষভাবে জনসমক্ষে তুলে ধরতে হবে, পাশাপাশি তরুণ সমাজকে সচেতনতা সৃষ্টি এবং সামাজিক আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে আসতে হবে।
রবিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে আয়োজিত ‘জলবায়ু পরিবর্তন মোকাবিলা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন। তিনি আরও উল্লেখ করেন যে, নির্বিচারে গাছ কাটা, পাহাড় ধ্বংস, নদী-খাল দখল ও দূষণের মতো কর্মকাণ্ডের মাধ্যমে আমরা নিজেরাই পরিবেশের ক্ষতি করেছি। তাই পরিবেশ রক্ষার দায়িত্বও আমাদের সকলের। এই সেমিনার তখনই সফল হবে যখন আমরা প্রত্যেকে পলিথিন ও বর্জ্য সঠিক স্থানে ফেলব, পরিবেশ পরিচ্ছন্ন রাখব এবং পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলব।
উপাচার্য আরও জানান যে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে আরও সবুজ ও পরিচ্ছন্ন করার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি এবং ডাস্টবিন স্থাপনের মতো উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগগুলো সফল করতে শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের সকল সদস্যকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আশরাফুল আলমের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমিন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনভায়রনমেন্টাল ইনোভেশন অ্যান্ড রিসার্চ নেটওয়ার্ক এবং চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী শাহ ইসরাত আজমেরী।
রিপোর্টারের নাম 






















