গাইবান্ধার সাঘাটা উপজেলায় এক নারীর পথরোধ করে টাকা ছিনতাইয়ের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃতরা হলেন হুমায়ুন কবীর এবং সোহাগ সরকার। তারা উভয়েই উপজেলার হলদিয়া ইউনিয়নের বেড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার রাতে বগুড়া সদর উপজেলার চকঝপু গ্রামের বাসিন্দা রিপা খাতুন আত্মীয়ের বাড়িতে আসার সময় সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের ডাকবাংলা মোড়ে পৌঁছান। এ সময় পূর্ব থেকে ওঁত পেতে থাকা হুমায়ুন কবীর ও সোহাগ সরকারসহ কয়েকজন তার পথরোধ করে এবং কাছে থাকা ২ হাজার টাকা ছিনিয়ে নেয়। রিপার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম জানান, এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হলে অভিযান চালিয়ে অভিযুক্ত হুমায়ুন কবীর ও সোহাগ সরকারকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের গাইবান্ধা জেলাহাজতে পাঠানো হয়েছে।
রিপোর্টারের নাম 























