সম্প্রতি ঘটে যাওয়া দুটি পৃথক ঘটনায় ইসরাইল ও ভারতের আগ্রাসী নীতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস। দলটির পক্ষ থেকে গত ৮ মে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে দুইজন এবং ১১ মে লেবাননে ড্রোন হামলায় ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর হাতে দুই বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, মধ্যপ্রাচ্যের অশান্তির মূল কারণ হিসেবে পরিচিত দখলদার রাষ্ট্র ইসরাইল বিশ্বজুড়ে ক্রমাগত অস্থিতিশীলতা সৃষ্টি করে চলেছে। তারা হাজার হাজার মানুষের ওপর হত্যা ও নিপীড়ন চালাচ্ছে। সম্প্রতি লেবাননে দুই প্রবাসী বাংলাদেশিকেও ড্রোন হামলা চালিয়ে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। প্রবাসে থাকা সাধারণ শ্রমজীবী মানুষদেরও ইসরাইল শত্রু হিসেবে বিবেচনা করছে। তারা ইসরাইলের এমন বর্বরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন।
বিবৃতিতে তারা আরও বলেন, গত ৮ মে ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ অন্যায়ভাবে দুই সাধারণ বাংলাদেশি নাগরিককে হত্যা করেছে। দীর্ঘদিন সীমান্ত হত্যা বন্ধ থাকলেও ভারত আবারও তা শুরু করে বাংলাদেশকে নতুন করে ভয় দেখাতে চায়। পুশইন, মাদক চোরাচালানসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ভারত অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। খেলাফত মজলিস ভারতের এমন অপ্রতিবেশীসুলভ আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারা ভারতকে অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করতে এবং সব হত্যাকাণ্ডের ক্ষতিপূরণ দিতে আহ্বান জানিয়েছে। একই সাথে, বাংলাদেশের সঙ্গে আধিপত্যবাদী নয়, বরং প্রকৃত প্রতিবেশীসুলভ আচরণ ও সম্পর্ক স্থাপনের জন্য ভারত সরকারকে আহ্বান জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 
























