নতুন সরকারের দ্বিতীয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় আজ মোট ২৪ হাজার ৮৫৫ কোটি টাকা ব্যয়ে ১৬টি উন্নয়ন প্রকল্প উপস্থাপনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে পরিকল্পনা মন্ত্রণালয়। এই প্রকল্পগুলোর মধ্যে ছয়টি নতুন, ছয়টি সংশোধিত এবং চারটি চলমান প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দেশের দীর্ঘদিনের প্রত্যাশিত পদ্মা ব্যারাজ নির্মাণে একটি মেগা প্রকল্পও অনুমোদনের জন্য একনেকে উপস্থাপিত হচ্ছে।
আজ বুধবার সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হবে। মোট ১৬টি প্রকল্পের মধ্যে ১১ নম্বর কার্যতালিকার গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে পদ্মা ব্যারাজ প্রকল্প।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, পানিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক প্রস্তাবিত ‘পদ্মা ব্যারাজ (প্রথম পর্যায়)’ প্রকল্পটি অনুমোদন পেলে চলতি বছর থেকে ২০৩৩ সালের জুনের মধ্যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) এটি বাস্তবায়ন করবে। প্রকল্পটির মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৫০ হাজার ৪৪৩ কোটি ৬৪ লাখ টাকা। তবে প্রকল্প মূল্যায়ন কমিটি (পিইসি) ধাপে ধাপে বাস্তবায়নের সুপারিশ করায় প্রথম ধাপের জন্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে, যা সম্পূর্ণ সরকারি তহবিল থেকে যোগান দেওয়া হবে।
কর্মকর্তারা আশাবাদী, একনেক সভায় প্রকল্পটি অনুমোদন পাবে। মূলত ফারাক্কা বাঁধের কারণে শুষ্ক মৌসুমে পানির যে তীব্র সংকট দেখা দেয়, তা থেকে পরিত্রাণ পেতে এই প্রকল্পটি প্রস্তুত করা হয়েছে। কয়েক দশকের পরীক্ষা-নিরীক্ষা শেষে পদ্মা ব্যারাজ নামে প্রকল্পটি পাসের অপেক্ষায় ছিল। গত মাসে কমিশন প্রকল্পটি বর্তমান সরকারের প্রথম একনেক সভায় উপস্থাপনের প্রস্তুতি নিলেও শেষ মুহূর্তে তা প্রত্যাহার করা হয়েছিল।
সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, ব্যারাজ নির্মাণের মাধ্যমে পদ্মা নদীতে প্রায় দুই হাজার ৯০০ মিলিয়ন ঘনমিটার পানি সংরক্ষণ করা হবে। এই সংরক্ষিত পানি হিসনা-মাথাভাঙ্গা, গড়াই-মধুমতি, চন্দনা-বারাশিয়া, বড়াল ও ইছামতী নদীসহ মোট পাঁচটি নদীর পানিপ্রবাহ পুনরুজ্জীবিত করতে সহায়তা করবে। শুষ্ক মৌসুমে এসব নদীতে প্রায় ৮০০ কিউসেক মিটার পানি সরবরাহ করা হবে, যা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পানি ব্যবস্থাপনায় এক যুগান্তকারী পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে। প্রথম ধাপে রাজবাড়ীর পাংশায় ২.১ কিলোমিটার দীর্ঘ ব্যারাজ নির্মাণ করা হবে।
রিপোর্টারের নাম 























