পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের প্রথম ম্যাচে নিজের ইনিংস খুব বড় করতে না পারলেও, একটি বিশেষ মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন দাস। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ২ হাজার রান পূর্ণ করা প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে তিনি এই কৃতিত্ব অর্জন করেছেন।
দ্বিতীয় দিনের খেলা ৮ রান নিয়ে শুরু করা লিটন, মোহাম্মদ আব্বাসের বলে ৩৩ রান করে আউট হন। তবে এই ইনিংসেই তিনি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষস্থান দখল করেন। ৩১ টেস্টের ৫৫ ইনিংসে তিনি মোট ২০০৯ রান করেছেন, যার মধ্যে চারটি সেঞ্চুরিও রয়েছে। তার গড় ৩৭.২০।
লিটনের এই অর্জনের পর, টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন মুশফিকুর রহিম। তিনি ২৬ টেস্টের ৪৮ ইনিংসে ১ হাজার ৮৭৬ রান করেছেন, যার গড় ৪৩.৬২ এবং চারটি সেঞ্চুরিও রয়েছে। তৃতীয় স্থানে রয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, যিনি ৩০ টেস্টের ৫৭ ইনিংসে ১ হাজার ৬৫৫ রান করেছেন এবং পাঁচটি সেঞ্চুরি হাঁকিয়েছেন।
রিপোর্টারের নাম 




















