পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করা হয়েছে। এর ফলে রাজ্যে প্রথমবারের মতো বিজেপি সরকার গঠিত হতে যাচ্ছে। শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। ২৯৪ আসনের বিধানসভায় ২৯৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজেপি ২০৭টিতে জয়লাভ করেছে।
শুভেন্দু অধিকারী এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গ হিসেবে পরিচিত ভবানীপুর কেন্দ্র থেকে তাকে পরাজিত করে বড় চমক দেখিয়েছেন। পাশাপাশি তিনি নিজের রাজনৈতিক ঘাঁটি নন্দীগ্রাম আসনটিও ধরে রেখেছেন। ২০০৭ সালের ভূমি রক্ষা আন্দোলনের মাধ্যমে তৈরি হওয়া তার রাজনৈতিক প্রভাব এই জয়ের মাধ্যমে আরও সুসংহত হলো।
এক সময়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ শুভেন্দু অধিকারী ২০১১ সালে বামফ্রন্টের ৩৪ বছরের শাসনের অবসান ঘটাতে নন্দীগ্রাম আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তার দলবদল বাংলার রাজনীতিতে বড় পরিবর্তনের সূচনা করে, যা শেষ পর্যন্ত বিজেপিকে ক্ষমতায় নিয়ে এলো। শুভেন্দু অধিকারী বলেছেন, তিনি ২০১১ সালের পরিবর্তনের অংশ ছিলেন এবং এখন তিনি ‘আসল পরিবর্তনের’ অংশ। তিনি আত্মবিশ্বাসী যে বাংলায় বিজেপি সরকার ১০০ বছর স্থায়ী হবে। আগামী কয়েক দিনের মধ্যেই নবনির্বাচিত মুখ্যমন্ত্রীর শপথ নেওয়ার কথা রয়েছে।
রিপোর্টারের নাম 




















