থ্যালাসেমিয়াকে একটি জটিল বংশগত রোগ হিসেবে উল্লেখ করে এটি প্রতিরোধে দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, মা-বাবা উভয়েই এই রোগের জিনের বাহক হলে সন্তানের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। তাই বিয়ের আগে বা সন্তান গ্রহণের আগে প্রয়োজনীয় পরীক্ষা ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি।
প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশে প্রায় দুই কোটি মানুষ থ্যালাসেমিয়া জিনের বাহক, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় উদ্বেগের কারণ। এই পরিস্থিতি মোকাবিলায় সরকার স্বাস্থ্যসেবাকে আধুনিকায়ন করছে এবং ‘ই-হেলথ কার্ড’ চালুর পরিকল্পনা হাতে নিয়েছে। এই কার্ডের মাধ্যমে নাগরিকরা তাদের স্বাস্থ্যগত তথ্য যে কোনো স্থান থেকে সহজেই জানতে পারবেন, যা থ্যালাসেমিয়ার মতো রোগ নিয়ন্ত্রণে সহায়ক হবে।
বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, বিশেষজ্ঞরা মনে করেন দুইজন বাহকের মধ্যে বিয়ে না হলে এই রোগের বিস্তার রোধ করা সম্ভব। তাই পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এবারের দিবসের প্রতিপাদ্য ‘আর আড়াল নয়: রোগ নির্ণয়হীনদের খুঁজে বের করি’—এই লক্ষ্য বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে তিনি উল্লেখ করেন।
রিপোর্টারের নাম 
























