পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পারিবারিক কলহের জেরে আরজিনা নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী মনির হোসেনের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার শালবাহান ইউনিয়নের শানুবালাবাড়ি গ্রাম থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে মনিরের সঙ্গে আরজিনার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে প্রায়ই ঝগড়া ও পারিবারিক বিবাদ লেগে থাকত। গত রোববার সন্ধ্যায় তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে মনির তার স্ত্রীকে এলোপাথাড়ি মারপিট করে গুরুতর জখম করেন। আশঙ্কাজনক অবস্থায় আরজিনাকে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ঠাকুরগাঁও এলাকায় তার মৃত্যু হয়।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লাইছুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অভিযুক্ত স্বামী বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন।
রিপোর্টারের নাম 

























