সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৫ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রোববার বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমে এই উন্নয়ন কাজের উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির।
উদ্বোধন শেষে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। তেঁতুলিয়ার শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব স্থাপন, অনলাইন বিদেশি ভাষা শিক্ষা কেন্দ্র এবং ২৫০ শয্যার আধুনিক সদর হাসপাতাল চালুর প্রক্রিয়া চলছে। এছাড়া নারী স্বাবলম্বীকরণে আইসিটি প্রকল্প এবং পর্যটন শিল্পের বিকাশে আধুনিক ওয়াচ টাওয়ার ও মডেল ভবন নির্মাণের পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে।
সংসদ সদস্য আরও জানান, এ অঞ্চলে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে। এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে তিনি স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরুর সভাপতিত্বে এলজিইডির প্রকৌশলী এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























