বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) প্রস্তাবিত নতুন সাংগঠনিক কাঠামো ও চাকরি প্রবিধানমালা ২০২৬-এর প্রতিবাদে রাজপথে নেমেছেন ডিপ্লোমা প্রকৌশলীরা। রোববার দুপুরে রাজধানীর আব্দুল গনি রোডে বিদ্যুৎ ভবনের সামনে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ডিপ্লোমা প্রকৌশলী সমিতির (ডিপ্রকৌস) ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভকারী প্রকৌশলীদের অভিযোগ, তাদের মতামত উপেক্ষা করে একপাক্ষিক ও বৈষম্যমূলক প্রবিধানমালা প্রণয়ন করা হয়েছে। তাদের প্রধান চারটি দাবির মধ্যে রয়েছে—সহকারী প্রকৌশলী পদে পদোন্নতির কোটা ৩৩.৩৩ শতাংশ নিশ্চিত করা, অযৌক্তিকভাবে তৈরি করা উপ-বিভাগীয় প্রকৌশলীর পদ বিলোপ করা এবং পদোন্নতির হার পর্যায়ক্রমে ৫০ শতাংশে উন্নীত করা।
সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এই বৈষম্যমূলক সুপারিশ যদি প্রত্যাহার করা না হয়, তবে সারা দেশের বিদ্যুৎ খাতে অচলাবস্থা তৈরি হতে পারে। তারা আরও অভিযোগ করেন, একটি বিশেষ মহল সরকারের উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে পরিকল্পিতভাবে এই অস্থিরতা সৃষ্টি করছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রকৌশলীরা।
রিপোর্টারের নাম 






















