কুমিল্লার দেবিদ্বার উপজেলায় চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত মাসুম বিল্লাহ নামে এক শ্রমিকদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাসুম বিল্লাহ দেবিদ্বার উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। রোববার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে স্থানীয় থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মাসুম বিল্লাহর বিরুদ্ধে ঢাকা ও কুমিল্লায় দায়ের হওয়া পৃথক দুটি চেক জালিয়াতি মামলায় আদালত রায় প্রদান করেছেন। একটি মামলায় তাকে ৩২ লাখ টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে, অনাদায়ে এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। অন্য একটি মামলায় ৫ লাখ টাকা পরিশোধ করতে বলা হয়েছে, যা দিতে ব্যর্থ হলে তাকে তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, আদালতের পরোয়ানা অনুযায়ী সাজাপ্রাপ্ত এই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রিপোর্টারের নাম 

























