বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কর্মপরিষদ সদস্য এবং ফরিদপুর অঞ্চলের সহকারী পরিচালক মুহাম্মদ দেলোয়ার হোসেনের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় ফরিদপুরের পশ্চিম খাবাসপুর শামসুল উলুম মাদরাসা মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে আলীপুর কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় অংশগ্রহণকারী ইসলামী আন্দোলনের সহকর্মী ও শুভানুধ্যায়ীরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর ইসলামী আন্দোলনের প্রতি অবদানের কথা স্মরণ করেন। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ফরিদপুর অঞ্চল পরিচালক ড. এএইচএম হামিদুর রহমান আজাদ তাঁর বক্তব্যে দৈনন্দিন জীবনে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে চলার গুরুত্ব এবং জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা ও জান্নাত লাভের জন্য পরিশ্রমের প্রয়োজনীয়তার উপর জোর দেন।
বক্তারা মুহাম্মদ দেলোয়ার হোসেনকে একজন সর্বজনশ্রদ্ধেয় ইসলামী ব্যক্তিত্ব, ফরিদপুরের ইসলামী আন্দোলনের একজন ত্যাগী, পরিশ্রমী ও বিনয়ী মানুষ হিসেবে আখ্যায়িত করেন। তাঁরা বলেন, তিনি তাঁর সারাজীবন ইসলামী আন্দোলনের জন্য উৎসর্গ করেছেন এবং সমাজের সকল স্তরে ইসলামী আন্দোলনের প্রতিষ্ঠা তাঁর জীবনের মূল লক্ষ্য ছিল। তিনি ছিলেন দ্বীনের একজন নিবেদিতপ্রাণ সৈনিক, যিনি নিজের জীবন সত্য ও ন্যায়ের পথে উৎসর্গ করেছিলেন। তাঁর প্রতিটি পদক্ষেপে আল্লাহর সন্তুষ্টি অর্জনের অদম্য প্রচেষ্টা, মানুষের প্রতি ভালোবাসা, সংগঠনের প্রতি নিষ্ঠা এবং সমাজ পরিবর্তনের অঙ্গীকার তাঁকে এক অনন্য ব্যক্তিত্বে পরিণত করেছিল।
জানাজায় আরও বক্তব্য রাখেন প্রফেসর আব্দুত তাওয়াব, শামসুল ইসলাম আল বরাটী, মাদারীপুর জেলা আমির মাওলানা মোখলেসুর রহমান, গোপালগঞ্জ জেলা আমির অধ্যাপক মো. রেজাউল করিম, শরীয়তপুর জেলা আমির অধ্যক্ষ আব্দুর রব হাশেমী, রাজবাড়ী জেলা আমির অ্যাডভোকেট নুরুল ইসলাম, অধ্যাপক এম এ সামাদ, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, খেলাফত মজলিস সভাপতি শাহ হুমায়ন কবির, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সভাপতি মো. মিজানুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মো. আমজাদ হোসাইন, ইসলামী ছাত্রশিবিরের ফরিদপুর জেলা সভাপতি হাফেজ ওবায়দুল্লাহ এবং শহর শাখার সভাপতি মুয়াজ বিল্লাহ। পরিবারের পক্ষ থেকে দেলোয়ার হোসেনের বড় ছেলে মো. জোবায়ের হোসেনও বক্তব্য রাখেন। জানাজায় বৃহত্তর ফরিদপুরের মরহুমের শুভাকাঙ্ক্ষী, সহকর্মীসহ বহু মানুষ অংশ নেন।
রিপোর্টারের নাম 



















