সিরাজগঞ্জের তাড়াশে একটি এনজিওর ঋণের মাত্র ২৫ হাজার টাকা পরিশোধ করতে না পারায় জান্নাতি খাতুন (২৫) নামে এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার বিকেলে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, টিএমএসএস নামক এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন জান্নাতি। এর মধ্যে অর্ধেক টাকা পরিশোধ করলেও বাকি টাকার জন্য তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতেই পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
তবে জান্নাতির স্বামী আব্দুর রাজ্জাকের দাবি, ঋণের একটি বড় অংশ তারা ইতোমধ্যে পরিশোধ করেছেন। এছাড়া চাকরিকালীন সময়ে তাদের জমানো টাকা ঋণের সঙ্গে সমন্বয় করার অনুরোধ করা হলেও এনজিও কর্তৃপক্ষ তা শোনেনি। উল্টো সাদা চেকের মাধ্যমে মামলা দিয়ে তাদের হয়রানি করা হচ্ছে। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেই আদালতের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























