রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এক বিশেষ সুবিধা নিয়ে এসেছে। এখন থেকে শিক্ষার্থীরা কাস্টমাইজড এটিএম কার্ডের মাধ্যমে বিভিন্ন ধরনের ব্যাংকিং সুবিধা ভোগ করতে পারবেন। আগামী মাসের শুরুতেই বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাকসুর (রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটি বুথ স্থাপন করে এই কার্ড বিতরণ করা হবে।
এই নতুন অ্যাকাউন্ট ও এটিএম কার্ডের মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই টাকা জমা ও উত্তোলন করার সুযোগ পাবেন। শুধু তাই নয়, বিদেশে অবস্থানরত তাদের পরিবার বা আত্মীয়-স্বজনরাও এই অ্যাকাউন্টে সহজে অর্থ পাঠাতে পারবেন। কার্ডটি আন্তর্জাতিক পেমেন্টের জন্যও ব্যবহার করা যাবে। এর মাধ্যমে বিদেশে চিকিৎসা খরচ পরিশোধ, বিদেশি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ফি প্রদান, দেশি ও আন্তর্জাতিক ই-কমার্স প্ল্যাটফর্মে কেনাকাটা (বাংলাদেশী টাকা ও মার্কিন ডলার উভয় মুদ্রায়), ফ্রিল্যান্সিং লেনদেন এবং দেশ-বিদেশের এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করা সম্ভব হবে। হজ ও ওমরাহ পালনের সময় বিদেশেও এই কার্ড ব্যবহার করা যাবে। স্টুডেন্ট ফাইল ওপেনসহ প্রয়োজনীয় বিভিন্ন কাজেও এটি সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
রাকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) এসএম সালমান সাব্বির জানিয়েছেন, এই কার্ডের সকল ধরনের লেনদেন সম্পূর্ণ চার্জমুক্ত থাকবে। ডেবিট কার্ড চার্জ এবং বার্ষিক ফি-ও সম্পূর্ণ ফ্রি রাখা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা উল্লেখযোগ্যভাবে উপকৃত হবেন। ক্যাম্পাসে বিতরণের পাশাপাশি আলুপট্টি শাখা থেকেও শিক্ষার্থীরা এই কার্ড সংগ্রহ করতে পারবেন।
রিপোর্টারের নাম 





















