রাজধানীর ডেমরার আমুলিয়া মডেল টাউনে একটি টিনশেড কালি তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত হয় এবং প্রায় দুই ঘণ্টার চেষ্টায় দুপুর ১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ডেমরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি থাকায় সিদ্দিকবাজার ও খিলগাঁও ফায়ার স্টেশন থেকেও অতিরিক্ত ইউনিট পাঠানো হয়। পর্যায়ক্রমে মোট আটটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।
স্থানীয়দের মতে, টিনশেড কারখানাটিতে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে আশেপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হয় এবং বাসিন্দারা নিরাপদ স্থানে সরে যান। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার সুনির্দিষ্ট কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।
রিপোর্টারের নাম 

























