ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সদস্যদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ৩৭০ জন ক্যাম্পাস সাংবাদিক। বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে তারা এই হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিবৃতিতে সাংবাদিকরা উল্লেখ করেন, রাজধানীর শাহবাগ থানার মতো গুরুত্বপূর্ণ ও নিরাপত্তা বেষ্টিত এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এই সংঘবদ্ধ হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর চরম আঘাত। এটি শুধু দুঃখজনকই নয়, বরং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি। এ ধরনের হামলা দেশের সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।
সাংবাদিকরা অভিযোগ করেন, হামলার পর আহত সাংবাদিকরা মামলা করতে গেলে শাহবাগ থানা পুলিশ তা গ্রহণে গড়িমসি করেছে, যা অত্যন্ত হতাশাজনক। তারা মনে করেন, সাংবাদিকদের ওপর এই হেনস্তা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা কোনো বিচ্ছিন্ন বিষয় নয়; বরং এটি একটি সুপরিকল্পিত প্রবণতার অংশ। সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন এবং তাদের কণ্ঠরোধের যেকোনো প্রচেষ্টা গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে।
বিবৃতিতে অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবহেলার বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি দাবি জানান তারা। সাংবাদিকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভয়ভীতি বা দমন-পীড়ন চালিয়ে সত্য প্রকাশ বন্ধ করা যাবে না এবং এই অন্যায়ের বিরুদ্ধে দেশের সকল ক্যাম্পাস সাংবাদিক ঐক্যবদ্ধ থাকবে।
রিপোর্টারের নাম 
























